কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪৮

হাসপাতালে ভর্তি করা আহত ব্যক্তিরাকুষ্টিয়ার মিরপুরে যাত্রিবাহী বাস খাদে পড়ে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল মজিদ ও উমেদ আলী। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, রংপুরের কুড়িগ্রাম থেকে একটি বাস অর্ধশতাধীক যাত্রী নিয়ে পিরোজপুরে একটি মাহফিলে যাচ্ছিল। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে অপর আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি-তদন্ত) আক্তারুজ্জামানও এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৪৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। এত রোগী একবারে আসায় সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

/এফএস/



নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল