বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় সহস্রাধিক ভূমিহীন পরিবার স্বাধীনতার পর থেকে রেললাইনের পাশে বসবাস করে আসছিল। খুলনা-কলকাতা আন্তর্জাতিক রেলযোগাযোগ চালু প্রক্রিয়াধীন থাকায় রেল কর্তৃপক্ষ এসব ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পদক্ষেপ নেয়। পরে রেল কর্তৃপক্ষ বুধবার (৮ মার্চ) রেলের জমি থেকে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করেন।
বেনাপোলের কাগজপুকুর এলাকার ভূমিহীন শুকুর আলী, মর্জিনা বেগম, রহিমা বেগম, রওশনারা খাতুনসহ কয়েকজন জানান, রেল কর্তৃপক্ষ হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় তারা বিপাকে পড়েছেন। তারা চান, সরকার তাদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দিক।
উচ্ছেদ হওয়া ভূমিহীনরা বলেন, ‘আমরা গরিব, ভূমিহীন পরিবার। সরকারের উচিত ছিল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে এ পদক্ষেপ নেওয়ার। আমাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা না হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দিয়ে আন্দোলন গড়ে তুলবো।’
বেনাপোল রেলস্টেশন মাস্টার আজিজুর রহমান জানান, স্বাধীনতার পর থেকে ওই সব পরিবার রেললাইনের দুই পাশে অবৈধভাবে জায়গা দখল করে বসবাস করছে। বার বার জায়গা খালি করার কথা বলা হলেও তারা কর্ণপাত করেননি। সুষ্ঠুভাবে রেল চলাচলের জন্য রেল কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করেছে। তাদের পুনর্বাসনের দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়। তারা সরকারের কাছে আবেদন জানাতে পারে।
/এআর/