মার্কিন নারী সাংবাদিককে হেনস্তা: হোটেল মালিক কারাগারে

আটক হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকুষ্টিয়ায় এক মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে আটক হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার  বিকালে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বেলা ১টায় শহরের ছয় রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বিকালে কুষ্টিয়া সদর আমলী আদালতে হোটেল ‘খেয়ার’ মালিক বিশ্বনাথ সাহা বিশুকে  হাজির করা হয়।  আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  একই সঙ্গে বিষয়টি অধিকতর তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারক।

অভিযোগের বরাত দিয়ে ওসি জানান,নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া আসেন ওই মার্কিন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। গত ৬ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত ‘খেয়া’ আবাসিক হোটেলে অবস্থানকালে রাত ১টার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় দরজায় ধাক্কা দেন। এমনকি অন্য একটি চাবি দিয়ে দরজা খোলার চেষ্টাও করা হয়। এ অবস্থায় তিনি তার বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার সাংবাদিক আলী এহসানকে ফোন করেন। আলী এহসান দ্রুত সেখানে গিয়ে কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গত ১২ মার্চ ওই সাংবাদিক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক ইবনে আবু বকরের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। একই দিন তিনি কুষ্টিয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৫৭৪/ তাং ১২/৩/২০১৭)। অভিযোগ ও সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার জজ কোর্টের সদর আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ তদন্ত করার অনুমতি দেন। পরে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেল মালিককে তার বাড়ি থেকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে সুফি ফারুক ইবনে আবু বকরের মোবাইলে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

এদিকে, সোমবার দুপুরে খেয়া হোটেলে গেলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

/বিএল/ 

এ সংক্রান্ত আরও খবর:
কুষ্টিয়ায় বিদেশি নারী সাংবাদিককে উত্ত্যক্ত করার অভিযোগ