বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উদ্ধারকারীরা পানগুছি নদীর দুর্ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরত্বের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ৪ দিনে নারী শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হলো।
এখন পর্যন্ত যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী, ২ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। শনাক্ত করার পর পুলিশ স্বজনদের কাছে লাশ হস্থান্তর করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মঙ্গলবার ট্রলারডুবির পর স্বজনদের মাধ্যমে তথ্য নিয়ে ২১ জনের নিখোঁজের তালিকা তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২ শিশু নিখোঁজ আছে। যারা নিখোঁজ রয়েছে এবং যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায় বলেও পুলিশ জানায়।
/এমও/