সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পাশের একটি গ্রাম ও ২০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থল থেকে জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে বাঁধের প্রায় ২০০ ফুট এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।
তিনি আরও জানান, দুই শতাধিক এলাকাবাসীদের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গত দুই বছরে একই স্থান থেকে একাধিক বার বাঁধ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কোনও কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি বলেও অভিযোগ করেন তিনি।
/এমও/