সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত

সুন্দরবন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় রুহুল আমির শেখ (৩০) নামে এক  মৌয়াল নিহত হয়েছেন। এ সময় তার ভাই হোসেন শেখ আহত হয়েছেন। রবিবার ভোরে তারা সুন্দরবনের মাহমুদা নদীর ডিঙ্গিমারী এলাকায় বাঘের হামলার শিকার হন। সোমবার দুপুরে নিহত রহুল আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন।

নিহত রুহুল আমিন শেখ ও আহত হোসেন শেখ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামের মালেক শেখের ছেলে।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তারা দুই ভাই বুড়িগোলিনি ফরেস্ট অফিস থেকে পাশ নিয়ে সুন্দর বনে মধু আহরণের জন্য যায়। রবিবার মুধু আহরণের সময় রুহুল আমিন শেখকে বাঘে আক্রমন করে এবং তাকে টেনে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। এসময় ভাইকে বাঁচাতে গেলে হোসেন শেখ বাঘের কামড়ে আহত হন। সোমবার বন বিভাগের কর্মচারীরাসহ অন্য মৌয়াল ও জেলেরা একত্রিত হয়ে সুন্দর বনের গহীন থেকে রুহুল আমিনের ক্ষত-বিক্ষত লাশ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলি বলেন, ‘আমি লোকমুখে ঘটনটি শুনেছি।’

/জেবি/

আরও পড়তে পারেন: বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশ আহত, অস্ত্রসহ ছয় ডাকাত আটক