মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধমেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (৫ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বাংলা ট্রিবিউনকে জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহসান হাবীব আরও জানান, ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিষ্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।

/এআর/