পশুর নদীতে জাহাজ ডুবি: দু’দিন পর উদ্ধার কাজ শুরু

ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ চলছেপশুর নদীর হারবাড়িয়া এলাকায় ৮২৫ টন সিমেন্ট তৈরির কাঁচামালসহ ডুবে যাওয়া এমভি শোভা নামের লাইটারেজ জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার দু’দিন পর বুধবার (৭ জুন) ভোর ৬টা থেকে পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ডুবন্ত এ জাহাজটি উদ্ধারের কাজ শুর হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জাহাজটির মাস্টার নজরুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার কাজে চট্টগ্রাম ও মংলার ২৫ জনের ডুবোরি দল অংশ নেন। সকাল থেকেই তারা দড়ি দিয়ে জাহাজটি বেঁধে নদীর তীরে আনার চেষ্টা চালাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।

যদিও এ কাজে মংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজ মালিক পক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার করা না হলে রেক হিসেবে ঘোষণা করা হবে বলে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য।

এদিকে চ্যানেলের অন্য জাহাজের নাবিকরা বলছেন, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘনার আশঙ্কা থেকে যাবে।ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ চলছে

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়ার ৪নং বয়ায় অবস্থান করা এমভি ‘আতিকিএসবি’ নামক বিদেশি জাহাজ থেকে স্লাগ সিমেন্টের কাচামাল নিয়ে রবিবার (৪ জুন) ভোররাতে ৮২৫ টন সিমেন্ট নিয়ে ডুবে যায় লাইটার জাহাজ এমভি শোভা। এরপরে এটি উদ্ধারে মালিকপক্ষকে বন্দর কর্তৃপক্ষ ১৫ দিনের সময় বেঁধে দেয়। এসময়ের মধ্যে এটি উদ্ধার করতে না পারলে রেক ঘোষণার পাশাপাশি আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান ওলিউল্লাহ।

এদিকে মালিকপক্ষের প্রতিনিধি ও ডুবন্ত জাহাজটির মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘জাহাজটি উদ্ধারে লোকবল এবং বিভিন্ন উপকরণ সংগ্রহ করা করা হয়েছে। নদীতে পানির স্রোতে ও গভীরতা মাথায় রেখে এটি দ্রুত উদ্ধারের আজ ভোর থেকে চেষ্টা চলছে।

/এআর/