যত দিন আওয়ামী লীগ এদেশে থাকবে ততদিন তৃতীয় শক্তিকে কোনোদিন ক্ষমতায় বসতে দেবে না, বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সন্ধ্যায় বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এদেশের উন্নয়ন হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ চলছে। দেশবিরোধী চক্র এই পদ্মা সেতু নিয়েও নানারকম ষড়যন্ত্র করেছে। কিন্তু তাদের সব ষড়যন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার পণ্ড করে দিয়েছে। সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা ও তাদের বোনাস দেওয়া হচ্ছে।’ এসময় তিনি দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম সানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ কুমার রায় প্রমুখ।
/এমও/