সাংবাদিককে মারধর: ইবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Kushtia-Islamic-University-Picসাংবাদিককে মারধরের ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহসিন কবির মিঠু ও মাজেদুল হক রুবেল নামে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রবিবার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মহসিন কবির মিঠু ও মাজেদুল হক রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও শিক্ষক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. জাহাঙ্গীর হোসেনকে সদস্য করা হয়েছে। তাদের দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৪ আগস্ট (শুক্রবার) রাতে ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ আলম ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের পাশে শেখপাড়া বাজারে যান। এ সময় ইবি শাখা ছাত্রলীগের কর্মী মহসিন কবির মিঠু ও তার বন্ধু মাজেদুল হক রুবেল শাহ আলমকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করে।

এ ঘটনায় মহসিন কবির মিঠুকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। পরে হামলাকারীদের বিচারের দাবিতে প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করেন শাহ আলম। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মহসিন কবির মিঠু ও তার সহপাঠী মাজেদুল হক রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।
/এআর/