নাটোরে ডাকাত ভাগ্নেকে ছাড়াতে বিমান বাহিনীর কর্নেল পরিচয় দিয়ে এসপিকে হুমকির ঘটনা ঘটেছে। পরে আব্দুল আজিজ (৬৫) নামে ওই ভুয়া কর্নেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে কোর্টে চালান দেওয়া হয়েছে। গ্রেফতার ভুয়া কর্নেল আজিজ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে।
গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, বুধবার সন্ধ্যায় লক্ষিপুর গ্রামের আব্দুল আজিজের ভাগ্নে একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে রেজাউল করিমকে (৪০) ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। এর পর পরই আব্দুল আজিজ তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭২৩২৫৪১৯৫ এবং ০১৭৮৮ ২৪৯৫৪২) থেকে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে ফোন করেন। এসময় আজিজ নিজেকে বিমান বাহিনীর কর্নেল ওমর ফারুক পরিচয় দেয়। ফোনের কারণ জানতে চাইলে আজিজ রেজাউলকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে এসপিকে অনুরোধ করেন। অন্যথায় রাত ৯টার মধ্যে পুলিশ সুপারকে খাগড়াছড়িতে পাঠানোর হুমকি দেওয়া হয়। বিষয়টি তাকে জানানোর পর মোবাইল ট্র্যাকিংকের মাধ্যমে আজিজকে তার বাড়ি থেকে রাত ২টায় আটক করা হয়। এ ঘটনায় এসআই সাহেদুজ্জামান বাদী হয়ে আজিজের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন।
এসআই সাহেদুজ্জামান দাবি জানান, বৃহস্পতিবার বিকেলে আজিজকে কোর্টে চালান দেওয়া হয়েছে।