‘অধিক পরিমাণ আখ লাগিয়ে সুগার মিলকে বাঁচিয়ে রাখতে হবে’

777

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেছেন,‘আখ সবচেয়ে লাভজনক ফসল। আখের সঙ্গে সাথী ফসল করে কৃষকদের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে। তাছাড়া দুর্যোগে অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হলেও আখের তেমন কোনও ক্ষতি হয়নি। তাই তিনি কৃষক ভাইদের অধিক পরিমাণ জমিতে আখ লাগিয়ে লাভবান হওয়ার আহ্বান জানান।

শনিবার বিকেলে উপজেলার দুলাল মুন্দিয়া হাইস্কুল মাঠে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের আয়োজনে ২০১৭-১৮ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আখ লাগালে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন অপর দিকে দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলটি বেঁচে থাকবে। এলাকার ইতিহাস ঐতিহ্য রক্ষা পাবে। অনেক মানুষের কর্ম সংস্থান হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, মহা-ব্যবস্থাপক (কৃষি) সঞ্জিব কুমার দত্ত, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কৃষক মিজানুর রহমান, আক্কাস আলী, শিপন প্রমুখ।

মতবিনিময় সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন মোচিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা কবীর হুসাইন। 

আরও পড়তে পারেন: স্বস্তি ফিরেছে যশোরের চামড়ার মোকাম রাজারহাটে