সময়মতো অফিসে না আসায় শৈলকুপায় আট কর্মকর্তাকে শোকজ

শৈলকুপায় বিভিন্ন দফতর পরিদর্শনে জেলা প্রশাসক জাকির হোসেন রবিবার সকাল সোয়া ৮টা। বাসা থেকে বের হলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন গাড়িচালক, দেহরক্ষী কেউ বলতে পারলেন না। শহরের পোস্টঅফিস মোড় থেকে গাড়ি ঘুরালেন শৈলকুপার উদ্দেশে। ঘড়ির কাটায় তখন ৯টা। শৈলকুপা উপজেলা পরিষদে হাজির হলেন জেলা  প্রশাসক। শুরু করলেন প্রতিটি দফতর পরিদর্শন। একে একে  ৩৫টি দফতর পরিদর্শন করলেন। অফিস খোলা কিন্তু আটটি দফতরের প্রধান তখনও আসেননি। সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ায় আট কর্মকর্তাকে শোকজ করেন জেলা প্রশাসক।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জানান, জেলা প্রশাসক ৩৫টি দফতর পরিদর্শন করেন। এরমধ্যে যুব উন্নয়ন, সমাজসেবা অফিস, আনসার-ভিডিপি, মৎস্য অধিদফতর, বিআরডিবি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি অফিসের প্রধানরা সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তাদেরকে শোকজ করেছেন।

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘অনেক সরকারি দফতরের প্রধানরা সঠিক সময়ে অফিসে আসেন না এমন সংবাদের ভিত্তিতে আজ  রবিবার শৈলকুপা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অনুপস্থিত আট কর্মকর্তার দেরিতে আসার কারণ দর্শানোসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরে নোটিশ দেওয়ার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছে সরকার। এজন্য জনগণকেও সঠিকভাবে সেবা দিতে হবে। আমার একটাই উদ্দেশ্য জনগণের সেবা নিশ্চিত করা।’ এ ধরনের অভিযান জেলার ছয় উপজেলায় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এদিকে, জেলা প্রশাসকের এমন আকস্মিক পরিদর্শনে হতবাক উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। জেলা প্রশাসকের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন:
আশ্রয়ণ কেন্দ্রে নয়, বাপ-দাদার জমিতেই বসতি চান সাঁওতালরা