সোমবার (৪ ডিসেম্বর) দিনভর বর্ণাঢ্য আয়োজনে যশোর কলেজের ২৫ বছর পূর্তি উৎসব পালিত হয়। এ উপলক্ষে সকালে যশোর শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শহরের টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন যশোর কলেজের পরিচালনা কমিটির সভাপতি ড. কাজী আনিস আহমেদ।
দুপুরে কলেজ ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কলেজের রজতজয়ন্তীর শুভ উদ্বোধন করেন। এরপর আলোচনা সভা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে যশোরের শতভাগ মানুষ যাতে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান সেজন্য কাজ চলছে। ভৈরব নদ সংস্কারে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে আইটি পার্ক নির্মাণ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হসিনা নিজেই তা উদ্বোধন করবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদে শুধু যশোর সদর উপজেলায় সড়ক নির্মাণে ৭০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এভাবে প্রতি সেক্টরে বরাদ্দ দিয়ে বর্তমান সরকার যশোরের উন্নয়ন করছে। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে অসংখ্য মানুষের শ্রম, মেধা ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়। তাই এসব সামাজিক প্রতিষ্ঠান গড়তে যারা অবদান রাখেন তাদের আমাদের স্মরণ করতে হবে। আর তাদের শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় যে উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠানটি গড়েন তা বাস্তবায়ন করা। একইসঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যারা স্বাধীন করেছেন তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা ৭১ এর পরবর্তী প্রজন্মের কর্তব্য। ’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রসহ অনেকে।