ইসি যেকোনও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সক্ষম: হানিফ

সাংবাদিকদের সঙ্গে কথা বললেন হানিফআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের জনগণ বর্তমান সরকারের অধীনে অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যেকোনও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সক্ষম। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন,বিএনপি’র সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না, বিএনপি উগ্র, জঙ্গি, মৌলবাদী সংগঠনের দিকে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং ভোট ডাকাতি করেছিল। তাদের বিরুদ্ধে সারাদেশের জনগণ আন্দোলন করেছিল। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে সংবর্ধনা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম। পরে মাহবুব উল আলম হানিফ পতাকা উত্তোলনকারীদের সম্মাননা অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অনেকে।