স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

সংঘর্ষনড়াইলের লোহাগড়ার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মার্চ) এ ঘটনা ঘটে।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়ার হাজী মোফাজ্জেল স্মরণী মাধ্যমিক বিদ্যাপিঠের পরিচালনা পর্ষদের  নিবার্চন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন সমর্থিত প্যানেল ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত প্যানেল অংশগ্রহণ করে। নির্বাচনে দাউদ হোসেনের প্যানেল পরাজিত হয়।এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকালে দীননাথপাড়া গ্রামে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।