কৃষাণীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে বসেছিল নারীদের উৎপাদিত পণ্যের হাট। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ হাটের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌর সভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো.মনিরুজ্জামান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু ও শরিফা খাতুনসহ অন্যরা।
ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষাণী তাদের বাড়ির আঙ্গিনায় উৎপাদিত সবজিসহ নানা রকমের পণ্য নিয়ে এ হাটে আসেন। হাটে উঠেছিল বিষমুক্ত শাক-সবজি, ডিম, কুমড়াবড়ি, পেঁপে, কলা, লাউ, টমেটো, সজনে, হলুদ গুড়াসহ বাড়িতে উৎপাদিত নানা পণ্য। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বিকিকিনি।
হাটে আসা নারী বিক্রেতারা জানান, মধ্য স্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে আর কৃষাণীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের হাট স্থায়ী করা প্রয়োজন।