কেসিসিতে কাউন্সিলর পদে আ. লীগের মনোনয়ন চান ১৯০ জন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন আগ্রহী প্রার্থীরা।  কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯০ জন দলীয় মনোনয়ন পেতে প্রার্থী আবেদন করেছেন। আগামী ৮ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয়  মনোনয়ন বোর্ড ৩১ জনকে কাউন্সিলর ও ১০ জনকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চূড়ান্ত মনোনয়ন দেবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রথম পছন্দ হিসেবে তালুকদার আব্দুল খালেকের নাম রাখা হয়। পাশাপাশি বিকল্প হিসেবে আরও চার জনের নাম কেন্দ্রে পাঠানোর জন্য রাখা হয়েছে। কেসিসিতে মেয়র পদে আওয়ামী লীগের বিকল্প চার প্রার্থী হলেন-অ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, অ্যাড. সরদার আনিছুর রহমান পপলু ও সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সভায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলের বিপক্ষে কেউ অবস্থান নিলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এছাড়া দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী অবস্থান নিলে তাৎক্ষণিকভাবে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভায় বলা হয়, ৬ এপ্রিল ঢাকা থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র পূরণ করে তা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে জমা দিতে হবে। আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন। মনোনয়ন বোর্ডও আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। একই দিন চূড়ান্তভাবে কেসিসি’র মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সূত্রে জানা গেছে, কেসিসির ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তাদের আবেদন জমা দিয়েছেন। দলীয় ১৯০ জন আগ্রহী প্রার্থীর আবেদনগুলো ঢাকায় কেন্দ্রীয়য় মনোনয়ন বোর্ডের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করবেন। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একজন প্রার্থী মনোনয়ন পাবেন। সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন পাবেন।

জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪, ৫, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৭, ১৯, ২১, ২৫, ২৭, ৩০নং ওয়ার্ডে  ৩ জন করে আওয়ামী লীগের প্রার্থী আবেদন করেছেন। ৪ জন করে প্রার্থী আবেদন করেছেন ৪, ১৫, ১৯, ২২ ও ২৯নং ওয়ার্ডে। ৫ জন করে প্রার্থী রয়েছেন ৩, ২, ৬, ২৪ ও ২৬নং ওয়ার্ডে। ৬ জন করে প্রার্থী রয়েছেন ১৮ ও ২৮নং ওয়ার্ডে। এছাড়াও ৭ জন প্রার্থী রয়েছেন ২০নং ওয়ার্ডে ও ৯ জন প্রার্থী রছেন ১নং ও ৩১নং ওয়ার্ডে। সংরক্ষিত প্রতিটি আসনে ৩ জনের বেশি প্রার্থী রয়েছেন।

আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসার কথার রয়েছে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পাঁচটি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের।