কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মেয়র প্রার্থী হিসেবে পাঁচ জনের মনোনয়নপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
নগর আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক দলীয় মেয়র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম, নগর যুবলীগ আহ্বায়ক অ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, শেখ সেয়দ আলী, অ্যাড. সুলতানা রহমান শিল্পীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হকও মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার নগর সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করছেন।
উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে ৮টি, সাধারণ কাউন্সিলর পদে ২৬২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।