সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শপথ

এক কাউন্সিলর প্রার্থীর গণসংযোগসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শপথ নিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ২৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার মুখোমুখি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রার্থীরা হাতে হাত রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শপথ গ্রহণ করেন। প্রার্থীরা ভোটারদের নানা প্রশ্নেরও জবাব দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হাফিজ। পরিচালনায় ছিলেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা রমা রহমান। অতিথি ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানে কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থীরা এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক সংস্কার, মাদক ও দুর্নীতিমুক্ত আদর্শ ওয়ার্ড গঠনে প্রতিশ্রুতি দেন।

এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও উচ্ছ্বসিত।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘প্রার্থীদের চেয়ে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীরাতো স্বাভাবিক নিয়মেই ভোটারের বাড়ি বাড়ি ছুটবেন। কিন্তু, এবার দেখা যাচ্ছে ভোটাররাই উচ্ছ্বসিত হয়ে প্রার্থীকে পাড়া-মহল্লায় ছুটে বেড়ানোর জন্য উজ্জীবিত করছেন।’

সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত ১০টি মহিলা ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থীর নিরন্তন ছুটে চলায় নির্বাচনি উৎসবে মেতেছে পুরো খুলনা।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, ‘প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্গনের বিষয়টি পর্যবেক্ষণের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা প্রতিদিনই রুটিন অনুযায়ী কাজ করছেন। এছাড়া ম্যাজিস্ট্রেটদের নিয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। তারাও নিয়মিত টহলে মাঠে থাকছেন। এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনও ঘটনা দৃশ্যমান হয়নি বা কোনও কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি।