গত সোমবার (৪ জুন) বিকালে বন্দর জেটির ৫নং শেড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের এ গাড়িটি চুরি করে নিয়ে যায় একটি প্রতারক চক্র।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক কর্মকর্তা (সার্বিক) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২ জুন বিদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাইকিং ওয়াসান নামক জাহাজে করে জাপান থেকে বিভিন্ন মডেলের পাঁচ শতাধিক গাড়ি মোংলা বন্দরে আসে। পরবর্তিতে এ গাড়িগুলো বন্দরের শেডে রাখা হয়।’
তিনি আরও বলেন, ‘গাড়ির এ চালানের মধ্যে আধুনিক মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের একটি গাড়ি ভুয়া কাগজপত্র দেখিয়ে গত সোমবার (৪ জুন) মোংলা বন্দরের শেড থেকে ছাড়িয়ে নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে বেরিয়ে যায় একটি প্রতারক চক্র। গাড়িটির চেচিস নাম্বার (পিআরজে-১৫০০০০৮৩৬৫৪)। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার “অটো মিউজিয়াম”।’
এদিকে এঘটনায় বন্দরের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়ি চুরির বিষয়ে আমারা সবাই উদ্বিগ্ন। এ ব্যাপারে মামলা হয়েছে। গাড়িটি উদ্ধারে যৌথ বাহিনী তৎপর রয়েছে এবং শিগগিরই গাড়িটি উদ্ধার হবে।’
মোংলা বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, মোংলা বন্দরকেন্দ্রিক গাড়ি আমদানিকারকদের মধ্যে ভীতি ছড়ানো ও বন্দরের সুনাম নষ্ট করতে এমন ঘটনা ঘটিয়েছে প্রতারক চক্র। এ ঘটনার দায় কাস্টমস কখনও এড়াতে পারে না।
গাড়ি আমদানিকারক সংগঠন বারবিডার সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বলেন, ‘আমরা এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছি। আমরা ক্ষতিপূরণ চেয়েছি। তবে গাড়িটি দু-একদিনের মধ্যে উদ্ধার করা যাবে বলে চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন।’ সে পর্যন্ত তারা অপেক্ষা করতে চান বলে বারবিডার এ মুখপাত্র জানান।