কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কুষ্টিয়াকুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নওসাদ আলী (৪৮) নামে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলেমান শাহ (র.) দরবার শরীফের কাছে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নওসাদ উপজেলার নতুন পাড়া এলাকার বাসিন্দা।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, নওসাদ আলী সোলেমান শাহ (র.) দরবার শরীফের পাশে পদ্মা নদীতে ডোঙা নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার জাল বিছানোর সময় নৌকা উল্টে পড়ে যান তিনি। এরপর তাকে আর খোঁজ করে পাওয়া যায়নি। বুধবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর উক্ত স্থানেই লাশ ভেসে উঠে।
ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, নিহত নওসাদ একজন আইডি কার্ডধারী জেলে। আর্থিক নীতিমালা ২০১৮ অনুযায়ী নওসাদের পরিবার ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবে।