খুলনায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন বুধবার

 

খুলনাবাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্যের উদ্বোধন হবে বুধবার (৮ আগস্ট) বেলা ১১টায়। ভাস্কর্য নির্মাণে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। গণপূর্ত বিভাগ, খুলনা-২ ভাস্কর্য নির্মাণের কার্যক্রম সম্পন্ন করে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও তথ্য সচিব আব্দুল মালেক। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল সভাপতিত্ব করবেন।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয়। স্থপতি লিটন কুমার পাল ভাস্কর্য ডিজাইন তৈরি করেন। পরামর্শক ছিলেন ঢাবির চারুকলা বিভাগের শিক্ষক মুকুল কুমার বাড়ৈ। বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টের অনুমোদনক্রমে চার সদস্য বিশিষ্ট কমিটি এ প্রকল্প মনিটরিং করেন। ভাস্কর্যের উচ্চতা ১৫ ফুট। এ প্রকল্পের আওতায় রয়েছে ভূমিতে বাংলাদেশের মানচিত্র, ৭ মার্চের ভাষণের ওপর টেরাকোটা, ফোয়ারা ইত্যাদি।

বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যে স্কাল্পচার বেইজ, এক্সিভিশন গ্যালারি, এম্ফি থিয়েটার, ফাউন্টেন, গ্রিন্ডল্যান্ড স্কেপিং, ইন্টারনাল রোড, প্লান্টার বক্স, ফ্লাওয়ার বেড, মডেল অব স্ট্রাকচার, স্কাল্পচার, আর্ট ওয়ার্ক, স্টোরেজ ও ভাস্কর্য বেদীর চারদিকে ব্রোঞ্জের রিলিফ ওয়ার্কের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ ফুটিয়ে তোলা হয়েছে।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বশির উদ্দিন বলেন, ‘সাবেক আঞ্চলিক পরিচালক প্রয়াত সামছুর আলী বিশ্বাস এ ভাস্কর্যের উদ্যোক্তা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের মাধ্যমে খুলনাবাসী স্বাধীনতা সংগ্রামে তার যে অগ্রণী ভূমিকা সেটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও স্মৃতি সংরক্ষণে খুলনাবাসী জাতিকে নেৃতত্বে দেওয়ার গৌরব অর্জন করেছে।’

উল্লেখ্য, গণপূর্ত বিভাগের এ প্রকল্পের আগে ছোট পরিসরে বেতার চত্বরে ভাস্কর্য নির্মাণ করা হয়। ২০০১ সালের ২২ জুন তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ প্রকল্প নির্মাণের জন্য সে সময় তথ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়।