ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মাগুরায় কলেজছাত্র গ্রেফতার

মাগুরাফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মাগুরায় মো. ফয়সাল রুমন নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ফয়সাল মাগুরা আড়পাড়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র এবং শহরের ভায়না টিটিডিসি পাড়ার ইনতাজ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,  ফয়সাল রুমন ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী সম্পর্কে দীর্ঘদিন ধরে অশ্লীল মন্তব্য  ও বিকৃত ছবি পোস্ট করে আসছিল। পরে অভিযোগ পেয়ে রবিবার রাত ৮টার দিকে তাকে মাগুরা সদর উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি রেজাউল ইসলাম জানান, ‘দীর্ঘদিন ধরে রুমন ফেসবুকে আপত্তিকর উক্তি করে আসছিল।  বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করায় তাকে ৫৭ ধারায় গ্রেফতার করা হয়েছে।’