সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জানান, তিনি ভবেরপাড়া গ্রামে ভবের পাড়া মৌজার ১নম্বর খাস খতিয়ানের ১৭৬৭ দাগের ১৫ শতক জমি উদ্ধার করা হয় রবিবার (১৯ আগস্ট)। সেখানে লাল পতাকাও টানিয়ে দেওয়া হয়। সোমবার সন্ধ্যার আগে ওই জমিতে তফসিল সাইনবোর্ড লাগাতে গেলে বেলাল হোসেন ও তার স্ত্রী ফুলঝুড়ি বাধা দেন। সরকারি কাজে বাধা না দেওয়ার কথা বললে তারা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকার লোকজন একত্রিত হয়ে তার গাড়ি আটকিয়ে রাখে। পরে তিনি গাড়ি থেকে নেমে উপজেলা নিজ কার্যালয়ে ফিরে যান। খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়ি উদ্ধার করে।
তিনি আরও জানান, সরকারি খাস খতিয়ানের জমি কোনও প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। এই জমি শুধু আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়।
গ্রামবাসীরা জানান, ১৯৪০ সাল থেকে ১৫ শতক ওই জমি মসজিদের দখলে রয়েছে। ওখানে একটি ডোবা ছিল। সেটি মসজিদের টাকা খরচ করে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এখন জোর করে এটিকে দখলে নেওয়া হচ্ছে।
মুজিবনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল হাশেম জানান, গ্রামবাসীরা ভুল বুঝে এসি ল্যান্ডের গাড়ি আটকিয়ে ছিল। আমরা সেখানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।