আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘যে দলের পক্ষে ৬৬-৭০ ভাগ মানুষ আছে, সেই আওয়ামী লীগের ভরাডুবি হবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।’ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন,‘বিএনপি’র অবলম্বন হলো মিডিয়ার মাধ্যমে অযৌক্তিক কথাবার্তা বলে জনগণের কাছে তাদের অবস্থান টিকিয়ে রাখা। জনগণ কাদের সঙ্গে আছে তা এরইমধ্যে প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন,‘বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আওয়ামী লীগ ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। যে দলের পক্ষে ৬৬-৭০ ভাগ মানুষ আছে সেই দলের ভরাডুবি হবে আর যাদের পক্ষে ৫-১০ পার্সেন্ট লোক নেই তারা উচ্চতায় উঠবে এই ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।’
নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,‘বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার হচ্ছে এম এ আজিজ। যিনি উনাদের ক্ষমতায় আনতে এক কোটি ত্রিশ লাখ ভুয়া ভোটার বানিয়ে ছিলেন। এর বাইরে কোন নির্বাচন কমিশনার উনাদের পছন্দ হওয়ার কথা নয়।’
তিনি আরও বলেন,‘বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে বিএনপিসহ সব দলেরই মতামত নেওয়া হয়েছে। এই কমিশন নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা আসলে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য এবং নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যরা এবং জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।