যশোরে শিশুকে যৌননিপীড়নের অভিযোগে তরুণ আটক



যশোরের ঝিকরগাছায় এক শিশু (৭) যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।




নিপীড়নের শিকার শিশুর মা ও বাবা সাংবাদিকদের জানান, ঝিকরগাছা পৌর এলাকার জালাল উদ্দিনের ছেলে শুভ ও জালাল মিয়ার ছেলে জনি নামে দুই তরুণ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তাদের মেয়েকে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে পাশের মানিকতলা মাঠে নিয়ে যায়। এরপর দুই জনে মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এই মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রাতেই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ওয়াহিদুজ্জামান ডিটু বাংলা ট্রিবিউনকে বলেন, মেয়েটির পরীক্ষা করা হয়েছে। ল্যাব টেস্টের জন্যে আলামত সংগ্রহ করে তা পাঠানো হয়েছে। তিন দিন পর রিপোর্ট পাওয়া যাবে। তখনই বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন এ প্রতিনিধিকে বলেন, শিশুকে যৌনপীড়নের দায়ে শুভ নামে এক তরুণকে আটক করা হয়েছে।