শ্রমিকদের মারধর, বাগেরহাটে চার রুটে বাস ধর্মঘট শুরু

বাগেরহাটবাসে বসে মাদকসেবন, যন্ত্রাংশ চুরিতে বাধা দেওয়ায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাগেরহাটের চারটি রুটে বাস ধর্মঘট শুরু করেছে শ্রমিক ইউনিয়ন। বুধবার (৩ অক্টোবর) সকাল থেকে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট শুরু করে। তবে দূরপাল্লার পরিবহণ চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে হঠাৎ করে ধর্মঘটের ফলে এই রুটে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন এক সভা করে এই ধর্মঘটের ঘোষণা দেয়।
বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা এবং বাগেরহাট-রুপসা এই চারটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বলেন, তিনদিন আগে বাগেরহাট রুটের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বসে এক মাদকসেবী মাদকসেবন করছিল। এসময় ওই গাড়িরচালক তা দেখতে পেয়ে বাধা দেয়। গাড়িতে বসে মাদকসেবনের প্রতিবাদ করায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কিছু শ্রমিক তাকে মারধর করে। আমরা বিষয়টি বাস মালিক সমিতি এবং প্রশাসনকে জানালে তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই আমরা বিচার না পেয়ে বাধ্য হয়ে চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’
যাত্রীরা অভিযোগ করেন, কোন ঘোষণা ছাড়াই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। জরুরি কাজে খুলনা যাওয়ার উদ্দেশে এসে এখন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। সমস্যার দ্রুত সমাধান করতে প্রশাসনের কাছে দাবি জানান যাত্রীরা।