দিঘলিয়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতারখুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২রা অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া হাত বোমা, রামদা, হাতুড়ি ও লোহার রড জব্দ করা হয়েছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে বিএনপি নেতা এরশাদ খা্ন(৩৩), নোয়াব আলি(৩২), আসাদ শেখ(৩৫), হাসিবুর রহমান(২২), রফিকুল ইসলাম(৪৫) ও জামায়াত নেতা আলমগীর হোসেন(৩৫)।

ওসি মানস রঞ্জন দাস বলেন, নাশকতা সৃষ্টির লক্ষে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা  দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে রাত ৩টার দিকে জড়ো হয়। পুলিশ উপস্থিত হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এর ফলে তারা ছত্রভঙ্গ হয়। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি হাতবোমা, ২টি রামদা ও হাতুড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দিঘলিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।