নড়াইলে ৫৬৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

নড়াইলনড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডপ তৈরির কাজ। এবার জেলার তিন উপজেলায় ৫৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এখন শেষ মুহূর্তে রং-তুলির আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলায় ব্যস্ত রয়েছেন তারা।




জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, আগামী ১৫ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী দুর্গোৎসব। ১৯ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর সদর উপজেলায় ২৫৫টি মণ্ডপে, লোহাগড়ায় ১৬১টি মণ্ডপে এবং কালিয়া উপজেলায় ১৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু জানান, ‘এ বছর জেলাশহরসহ ৩টি উপজেলায় মোট ৫৬৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে শিল্পীরা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। এখন চলছে তুলির আঁচড়। পাশাপাশি শহর ও উপজেলা সদর এবং বিভিন্ন হাটবাজার এলাকার প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হচ্ছে তোরণ।’
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মত মণ্ডপগুলোতে পুলিশ-আনসার-ভিডিপির সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া ছাড়াও পুলিশের নিয়মিত টহল থাকবে।’