সুন্দরবন থেকে কুমিরের চামড়া ও হরিণ উদ্ধার

কুমির (ফাইল ছবি)সুন্দরবন থেকে লোনা পানির কুমিরের চামড়াসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা ফরেস্ট ক্যাম্প এলাকার দুদমূখী খাল থেকে এসব উদ্ধার করে বনবিভাগ। তবে বনবিভাগ পাচার চক্রের কাউকে আটক করতে পারেনি। চাঁদপাই রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির এসব তথ্য জানান।

এই বন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুদমূখী খালে আমরা একটি কাঠের ডিঙি নৌকা দেখতে পায়। বনরক্ষীরা পরে ওই নৌকার দিকে এগোতে থাকলে কয়েকজন পাচারকারী দ্রুত কূলে উঠে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে পা বাঁধা একটি জীবিত হরিণ ও কুমিরের চারটি বড় সাইজের চামড়া উদ্ধার করে। উদ্ধার হরিণটি শনিবার রাতেই হরিণটানা ক্যাম্প এলাকায় বনে অবমুক্ত করা হয়।’

শাহিন কবির আরও জানান, কুমিরের চারটি চামড়া সংরক্ষণের জন্য বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের মাধ্যমে রবিবার (৭ অক্টোবর) ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় অজ্ঞাত পাচারকারীদের আটকে সুন্দরবনে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে অজ্ঞাতদের আসামি করে একটি মামলাও করা হয়েছে।