সোনাই নদীতে চোরাই পণ্য উদ্ধারে গিয়ে বিজিবি সদস্যের মৃত্যু

সাতক্ষীরা জেলা

 

 

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ পণ্য উদ্ধার করতে গিয়ে চোরাকারবারিদের পণ্য বাঁধা দড়িতে জড়িয়ে সোনাই নদীর পানিতে ডুবে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালীর বাংলাদেশ-ভারত সীমান্তরেখায় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী ল্যান্স নায়েক রফিক (৩৫) কাকডাঙ্গা বিওপিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারিরা নদীর পানির নিচ দিয়ে পণ্য আনা-নেওয়ার জন্য দড়ি রেখে দেয়। এই পাশের পণ্য দড়িতে বেঁধে সেই দড়ি ওই পাশে টেনে নেওয়া হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩ ৬ আরবি’র সন্নিকটে সোনাই নদীর ধারে চোরাকারবারিদের তাড়া করেন বিজিবি সদস্যরা। এ সময় চোরাই পণ্য উদ্ধার করতে পণ্য বাঁধা দড়ি ধরে ফেলেন কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক রফিক। সে সময় ভারতের পাশ থেকে চোরাকারবারিরা দড়ি ধরে টান দেয়। বিজিবি সদস্য রফিকও দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতে থাকেন। তখন দড়িতে আটকে ও জড়িয়ে তিনি নদীর মাঝ বরাবর চলে যান ও পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে বিজিবির অন্য সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে আরও জানা গেছে- নিহত রফিক ১/২দিন আগেই কাকডাঙ্গা ক্যাম্পে যোগ দিয়েছিলেন।