আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী তফসিল এবং নির্বাচন কোনোটাই পেছানোর সুযোগ নেই। ২০১৯ সালের ২৬ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।’ বুধবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘সংলাপ ব্যর্থ হলে আন্দোলন’ ঐক্যফ্রন্টের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সব রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে কথা হচ্ছে আন্দোলনটা করবে কারা, বিএনপি নাকি ঐক্যফ্রন্ট। বিএনপিকে বাদ দিলে ঐক্যফ্রন্টের পেছনে কোনও জনগণ থাকবে না। জনবিচ্ছিন্ন ব্যক্তিরা বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্ট গড়েছে। বিএনপির শক্তিই তাদের মূল শক্তি।’
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন,‘বিএনপি গত পাঁচ বছর ধরে তো বহু আন্দোলন করেছে। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া যখন আন্দোলন করেছেন তখনও তিনি বলেছেন ঈদের পরে আন্দোলন হবে। ঈদের পর ঈদ আসে কিন্তু আন্দোলন আর হয়নি। এদেশে দুর্নীতির দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম,‘জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।