আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও ধরনের নাশকতা ও সহিংসতাসহ অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে এ মহড়া বের করা হয়।
এতে নেতৃত্ব দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) এমদাদুল হক। মহড়াটি পুলিশ লাইন্স থেকে বের হয়ে শহরের হামদহ, হাটের রাস্তা, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
পুলিশ কর্মকর্তারা এসময় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে কোনও ধরণের সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর। কোনও দল বা গোষ্ঠি যদি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চাই তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।