ইকসুর দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের দাবিতে উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারীকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। শনিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন তারা। একই সঙ্গে সংগঠনটি আটদফা দাবিও জানিয়েছে।

উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান যুক্ত করণ, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের উদ্যোগ গ্রহণ, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ, টিএসসিসি সার্বক্ষণিক খোলা রাখা, পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গ্রহণ।

এছাড়াও ছুটির দিন সহ সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখা, ফিটনেস বিহীন গাড়ি বাতিল করে পরিবহনে নতুন গাড়ি সংযোজন করা, আবাসিক হলে খাবারের মান বৃদ্ধি ও মূল্য কমানোরও দাবি জানান তারা।

প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি মোর্শেদ হাবিব সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চার প্রাণ কেন্দ্র হলো ছাত্রসংসদ। আগামী দিনে জাতির যোগ্য নেতৃত্ব তৈরির মূল কেন্দ্রই হচ্ছে ছাত্রসংসদ। আশা করি প্রশাসন বিষয়টি আমলে নিয়ে উম্মুক্ত রাজনীতি চর্চার ক্ষেত্র তৈরি করবে।’

উপাচার্য অধ্যাপক অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘ইকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের আইনে নেই। তবে ব্যক্তিগতভাবে আমার অভিমত শিক্ষার্থী বান্ধব বা ইতিবাচক রাজনীতির চর্চা করা হলে আমি তার পক্ষে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’