ঝিনাইদহের কালীগঞ্জের থানা রোডের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, যশোর জেলার সাত মাইল এলাকার হৈবতপুর গ্রামের যুগল দেবনাথের ছেলে শৈলেন দেবনাথ (৫০) ও তার স্ত্রী রেবা রানী (৪৩)। শৈলেন দেবনাথ পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। সে কালীগঞ্জ থানা রোডের কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে মোদাচ্ছের হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর তিনিও আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানান গেছে, কয়েক বছর আগে মৃত শৈলেন দেবনাথের প্রথম স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সঙ্গে তার বিয়ে হয়। রেবা রানী তার দ্বিতীয় স্ত্রী। রেবা রানীরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। সেখানে তার দুই ছেলে আছে। বিয়ের পর থেকে তারা কালীগঞ্জের ভাড়া বাড়িতে বসবাস করছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘ওই দম্পতিকে প্রতিবেশীরা সকালের থেকে দুপুর পর্যন্ত ডাকাডাকি করে। এরপরও তাদের কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এসময় ঘরে ঢুকে পুলিশ দেখে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ব্যবসায়ী শৈলেন ঝুলে আছে। আর তার স্ত্রীর মৃতদেহ পড়ে আছে খাটের ওপর।’
ওসি আরও বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে যে কোনও সময় ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর শৈলেন নিজেও আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
অপরদিকে খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসাসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।