রবিবার (৩ মার্চ) বিকালে খেলতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা নিখোঁজ হয়। এর পরের দিন সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আজ সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার বলেন, এই শিশু আমাদের সন্তানের মতোই। যে বা যারা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়- প্রশাসনের কাছে সেই আবেদন করছি।’
কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল বসু বলেন, ‘আমার স্কুলসহ অন্য কোনও স্কুলের শিশু যেন এমন নির্যাতনের শিকার না হয়। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই ঘটনায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যাতে অন্য কেউ এমন অপকর্ম করার সাহস না দেখায়।’
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘তৃষাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তৃষার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। আসামিকে আটক করতে অভিযান অব্যাহত আছে।’