মাগুরায় জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ

মাগুরায় ভুট্টা চাষবছর দশেক আগেও মাগুরায় তেমন একটা ভুট্টা চাষ হতো না। তবে অন্যান্য ফসল চাষের তুলনায় উৎপাদন খরচ কম, বাজার দর বৃদ্ধি পাওয়ায় মাগুরায় দিন দিন ভুট্টা চাষ জনপ্রিয় হচ্ছে। এ ফসল চাষ করতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মাগুরার ইছাখাদা গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, ‘গতবছর আমি এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। এ থেকে ভালো লাভ পেয়েছি। এবছর আরও দু’বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি।’

সদর উপজেলার লক্ষ্মীকান্দর  গ্রামের কৃষক হারাধন বিশ্বাস বলেন, ‘ভুট্টা ক্ষেতে কীট-পতঙ্গের আক্রমণ অপেক্ষাকৃত কম। সেচও কম লাগে। সব মিলিয়ে ভুট্টা উৎপাদন বেশ লাভজনক।’

সদর উপজেলার শ্রীরামপুরের কৃষক শাজাহান বলেন, ‘আগে আমাদের গ্রামে ভুট্টা উৎপাদন হতোই না। কৃষি বিভাগের উৎসাহে এখন ১২টি জমিতে ভুট্টা উৎপাদিত হচ্ছে। তারা বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দিচ্ছে সেইসঙ্গে ভুট্টার বাজার দরও ভালো।’

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, একসময় মাগুরায় ভুট্টা চাষ হতোই না বললে চলে। ১০ বছর আগে জেলায়  ৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হলেও বর্তমানে ১৩৫ হেক্টর জমিতে এ ফসলের চাষ হচ্ছে। কৃষকদের নানাভাবে ভুট্টা চাষে উৎসাহিত করা হচ্ছে। এজন্য ৫০০ কৃষককে ভর্তুকির আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেকককে দুই কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এবছর মাগুরায় ভুট্টার বাম্পার ফলন আশা করা হচ্ছে। ১১০৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। খুব শিগগিরই জমি থেকে ভুট্টা তোলা হবে।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আমরা শুধু ভর্ভুকিই দিচ্ছি না। আমাদের মাঠ কর্মীরা সবসময় কৃষককে ভুট্টা উৎপাদনে সব ধরনের পরামর্শ দিচ্ছে। আশা করছি এবছর আমরা একটি বাম্পার ফলন পাবো।’