উত্তরপত্র পূরণের দায়ে শিক্ষকের কারাদণ্ড

মাগুরামাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পূরণ করে দেওয়ার দায়ে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম জাহাঙ্গীর আলম খান। তিনি মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার (২১ জুন) মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্বে ছিলেন। উত্তরপত্র হাতে পেয়ে জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এ সময় অন্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে পরিদর্শনে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন। এরপর ওই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতে-নাতে ধরেন। তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে, আমি এ সম্পর্কে কিছু বলতে চাই না। বিষয়টি জেলা প্রশাসনের ব্যাপার।