চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের এক শিশু (৬) ধর্ষণ মামলার আসামিকে যশোরের ঝিকরগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল মালেক (৫০) ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার সোনাতনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, ধর্ষণের পর থেকেই অভিযুক্ত আব্দুল মালেক পলাতক ছিল। শুক্রবার রাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সে যশোরে এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছে নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত বুধবার দুপুরে গোপিনাথপুরের এক ভ্যানচালকের ৬ বছরের মেয়েকে খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মালেক। এরপর শিশুটি বাড়ি ফিরে অসুস্থ্য হয়ে পড়লে বৃহস্পতিবার রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই নির্যাতিত শিশুর মা বাদী হয়ে আব্দুল মালেকের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।