ওসি গোলাম কবীর জানান, সংঘর্ষের খবর পেয়ে তার নেতৃত্বে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এসআই আবু তাহের ও কনস্টেবল পিকুল আহত হয়েছেন। পুলিশের তৎপরতায় দুই ঘণ্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দারিয়ালা গ্রামের রজু শেখ ও ছোটকাচনা গ্রামের সবুজ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শনিবার বিকাল ৪টার দিকে দুই পক্ষের হাজারের বেশি মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও কাঁচের বোতল ভেঙে পরস্পরের দিকে ছুড়তে থাকে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন—সবুজ মেম্বার, হাসমত শেখ, দেলোয়ার, মোস্তাইন, মোস্তাক, আবু সাঈদ সিকদার, কালিম শেখ, আহম্মদ শরীফ, মফিজ শেখ, মেহেদি মোল্লা, দুলাল খান, জাকির খান ও ইপিয়ার খান।
সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) ছয়রুদ্দিন আহম্মেদ।
এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।