শৈলকুপায় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

লাশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর গ্রামে বুধবার রাতে জুয়েল (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাদেকপুর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। শৈলকুপার কুচয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পিয়ার আলী এ কথা জানান।

নিহত জুয়েল সাদেকপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় বেনীপুর হাই স্কুলের ছাত্র।

গ্রামবাসী জানায়, বুধবার সন্ধ্যার দিকে জুয়েল কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারে কচু বিক্রি করতে যায়। সেখান থেকে ফেরার পর সে বাড়ির পাশের একটি দোকানে বসে ছিল। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতে মাঠের মধ্যে চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পায়। তাকে কেউ কুপিয়ে হত্যা করেছে বলে তারা জানায়।

শৈলকুপা কুচয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পিয়ার আলী জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটালো তা তদন্ত শেষে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।