কুষ্টিয়ায় ইলেকট্রিশিয়ান আলমকে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়াকুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।  বৃহস্পতিবার (২৪অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের মিরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে ইয়ার আলী (৪৮), সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) ও বাগুলাট গ্রামের নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম। 

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে থাকলেও রেজাউল ইসলাম পলাতক রয়েছেন। এছাড়া কাজল রেখা নামে এ মামলার আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৩ মার্চ ইলেকট্রিশিয়ান আলম শেখকে পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করে। পরদিন সকালে কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমের স্ত্রী সবুরা খাতুন চারজনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি আরও জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। পলাতক আসামি রেজাউল ইসলাম সাজা আটকের দিন থেকে কার্যকর হবে।