বাগেরহাটের কচুয়া উপজেলায় মানসিক প্রতিবন্ধী এমিলি বেগমের (৪৯) লাঠির আঘাতে তার দিনমজুর স্বামী মোকসেদ মল্লিক (৫৬) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে।
কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পেছন থেকে স্ত্রী এমিলি বেগম লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে তাকে পাঠানো হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতে সেখানেই মারা যান মোকসেদ।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী এমিলি বেগমে বাড়িতেই শেকলবন্দি রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোকসেদের মরদেহের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।