বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী ১২ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। একইসঙ্গে এফবি সুদ্বীপ নামে একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাদের আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম শনিবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশকারী ট্রলারটি দ্রুতগতিতে ভারতীয় জলসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের জাহাজ ধাওয়া করে বাংলাদেশের জলসীমায় ট্রলারটিকে ধরে ফেলে। ট্রলারে থাকা ১২ জেলেকে আটক করা হয়। ভারতীয় জেলেদের শুক্রবার বিকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কোস্টগার্ড সদস্যরা শুক্রবার বিকালে একটি ট্রলারসহ আটক ১২ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর করেছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে।