বেশি দামে চাল বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

Uno Bheramara Kushtia (1)কুষ্টিয়ায় পৃথক স্থানে বেশি দামে চাল বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়ার কুমারখালি ও ভেড়ামারা উপজেলায় এই ঘটনা ঘটে।

কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান জানান, আলাউদ্দিন নগর এবং বাটিকামারায় চারটি চালের ব্যবসা কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আলাউদ্দিন নগরের আজিজ এগ্রো ফুডকে ৩০ হাজার টাকা, ভাই-বোন এগ্রো ফুডকে হাজার টাকা, জসিম এগ্রো ফুডকে ২৫ হাজার টাকা এবং বাটিকামারার মুকুল এগ্রো ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তাদের সকলকে চালের ক্রয় ও বিক্রয় রশিদ এবং স্টক রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা ও কুমারখালী থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, কুষ্টিয়ার ভেড়ামারায় কুদ্দুস নামে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভেড়ামারা বাজারে এ জরিমানা করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, ভাউচার ছাড়া বেশি দামে চাল বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।