করোনা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

একমুখী প্রবেশ পথের সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে পুলিশঝিনাইদহে করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে একমুখী প্রবেশ চালু করেছে পুলিশ। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কেনাকাটা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের তহ বাজার ও নতুন হাটখোলা বাজারে এ ব্যতিক্রমী কর্মসূচি চালু করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে তহ বাজার ও নতুন হাটখোলা বাজারের দুই পাশে চেকপোস্ট বসানো হয়েছে। হাটে আসা ক্রেতারা একপাশ দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা শেষে অন্যপাশ দিয়ে বের হবেন। তহ বাজারে ২০ মিনিট এবং নতুন হাটখোলা বাজারে ৩০ মিনিটের মধ্যে কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরতে হবে। এর তদারকি করবে জেলা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার আরও জানান, শহরের দুটি বাজারের প্রবেশ পথ ও বের হওয়ার পথে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। প্রবেশ পথ দিয়ে কেউ বের হতে পারবেন না, আবার রের হওয়ার পথ দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। আর বাজারের মধ্যে পুলিশ সদস্যরা টহলে থাকবেন। প্রতিটি দোকানে দুই জনের বেশি বাজার করতে পারবেন না। প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজার শেষ করে বাড়ি ফিরে যেতে হবে।