রবিবার (২৮ এপ্রিল) মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাগুরায় এখন করোনাভাইরাসে সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা তিন জন। তারা সবাই ভালো আছেন এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করোনা শনাক্ত এক ব্যক্তির বাড়ি শ্রীপুরের বাখেরা গ্রামে। তিনি ২০ মার্চ নরসিংদী থেকে বাড়ি এসেছিলেন। অপরজন যশোর বাঘার পাড়ার অধিবাসী। তিনি ২৭ এপ্রিল বাঘারপাড়া সংলগ্ন মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। সন্দেহ হওয়ায় তার নমুনা নেওয়া হয়। যেহেতু শালিখা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল তাই তার নাম যশোরের বদলে মাগুরার মধ্যে চলে এসেছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২৫ এপ্রিল পর্যন্ত দেশে ১৪০ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার মানুষ।