ইউপি মেম্বারের বরজের পান কাটলো দুর্বৃত্তরা


পান বরজ


যশোরের চৌগাছায় দাউদ হোসেন নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের প্রায় এক বিঘা বরজের পান কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।  দাউদ হোসেন উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (শাহাজাদপুর) মেম্বার। 

এ ব্যাপারে রবিবার (৩ মে) তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। সোমবার (৪ মে) দুপুরে সেটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে।
রবিবার ভোর রাতের দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর মাঠে ওই ইউপি সদস্যের বরজের পান কেটে দেওয়া হয়।
দাউদ হোসেন লিখিত অভিযোগে বলেন, গত এক বছর ধরে তিনি শাহাজাদপুর আবাসন প্রকল্পের উত্তর পাশের ২৫ শতক জমিতে পানের চাষ করছেন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আমি পানের বরজে গিয়ে দেখি সব পান গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। যাতে তার আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
দাউদ হোসেন বলেন, ‘ওয়ার্ডের সাবেক মেম্বারসহ স্থানীয় কয়েক ব্যক্তি সরকারি বেড়গোবিন্দপুর বাঁওড় থেকে বালি তুলে বিক্রির করতে আমাকে তাদের পার্টনার হওয়ার প্রস্তাব দেন। আমি তাতে রাজি হইনি। তিনদিন আগে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের নেতৃত্বে তাদের বালি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এরপর তারা গ্রামে আমার নামে বলতে থাকে আমি ইউএনওকে দিয়ে তাদের উচ্ছেদ করিয়েছি। এরপর আমার বরজের পান গাছগুলো সব গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে।’ 
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কেউ আটক হয়নি।