মুজিববর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই স্মারকগ্রন্থ

aaaইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি স্মারকগ্রন্থ উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি মৃত্যুঞ্জয়ী। তার সাহসী ভূমিকার কারণেই আমরা আজ এই স্বাধীন বাংলাদেশে তথা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছি। তিনি জাতির জন্য এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আগামী প্রজন্মের হাতে তার আদর্শকে পৌঁছে দিলেই এই মহামানবের কৃতিত্ব বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সমুজ্জল থাকবে।’

প্রসঙ্গত, দুটি স্মারকগ্রন্থের মধ্যে বাংলা ভাষায় রচিত ‘মহা নক্ষত্র মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান এবং ইংরেজি ভাষায় রচিত ‘ইম-মর্টাল মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। স্মারকগ্রন্থ দুটিতে দেশী-বিদেশি বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।